জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত দিতে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বিরোধীদলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংসদ ভবনের বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুৎ ব্যবহার কমানো এবং সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। সম্ভাব্য স্থানগুলোর মানচিত্র ও ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী, লুইস আই কানের নকশা, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য বুয়েট বা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।
এ ছাড়া সোলার প্যানেল স্থাপনের সার্বিক সম্ভাব্যতা যাচাই ও প্রতিবেদন তৈরিতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

