ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভুল্লী এলাকায় পৃথক ঘটনায় নদীর পানিতে ডুবে পাঁচ বছর বয়সী ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় তেরনই নদীর পানিতে ডুবে এহেসান (৫) ও কাউসার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত এহেসান জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। তার বাবা সুলতান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত। অপর শিশু কাউসার অটো কালামের ছোট ছেলে। নিহত দুই শিশুই একই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে কোনো একসময় দুই শিশু তেরনই নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনো শিশুকেই জীবিত করা সম্ভব হয়নি। এদিকে একই দিনে জেলার ভুল্লী উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের বাংরোট গ্রামে নদীর পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বয়সও প্রায় পাঁচ বছর। স্থানীয় সূত্র জানায়, পরিবারের লোকজনের অগোচরে কয়েকজন শিশুর সঙ্গে ভুল্লী নদীর নতুন ব্রিজের পাশে যায় ওই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায় সে। সেখানে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের মতো কেউ না থাকায় পানিতে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই দিনে জেলার পৃথক দুই এলাকায় নদীর পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট গ্রামগুলোতে।

