উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য প্রতিনিধিরা। সফরের অংশ হিসেবে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরোপয়েন্টে যান তারা। সেখানে সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ, সবুজ প্রকৃতি ও মনোরম দৃশ্য উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগের পাশাপাশি সীমান্তের সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা। এ সময় স্মৃতি ধরে রাখতে জিরোপয়েন্ট এলাকায় ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সফরের অংশ হিসেবে পঞ্চগড়ে এসে সীমান্ত এলাকা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

