দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে বগুড়া সদরের মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস আক্তারের সম্মানে সোমবার (২৯ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাপপী আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য শামীম আহম্মেদ, খন্দকার আজমল হুদা মিঠু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী প্রধান শিক্ষক নারগিস আক্তারের সম্মানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাবাসসুম ফারজানা। বক্তারা তাঁদের বক্তব্যে প্রধান শিক্ষক নারগিস আক্তারের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখী-শান্তিময় অবসর জীবন কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিরা তার কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন।

