ঢাকাTuesday , 30 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‌‌‌‌‌‌‌‌‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করা হয়েছে। সোমবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

৪০ সদস্যের কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, পরিকল্পনা, পরিবেশ, ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। এছাড়া খাদ্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও কমিটির সদস্য।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, স্পারসোর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, এফবিসিসিআইয়ের সভাপতি এবং সরকার মনোনীত পরিবেশ ও জলবায়ুবিষয়ক দুজন বিশেষজ্ঞ কমিটির সদস্য থাকবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি জাতীয় পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে। পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় বিবেচনা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার, সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কমিটি বছরে অন্তত একটি সভা করবে। প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে। কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।