নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে চার ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। ক্যাসিনো জুয়াড়ি গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকার রাজ্জাকের ছেলে আতিকুজ্জামান অনিক, একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম মিলন, মজনু মিয়ার ছেলে সাজু মিয়া ও মৃত টেপু বর্মনের ছেলে দিপীল রায়। মাদক সেবনকালে গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মৃত আবতাফ আলীর ছেলে মনিকুল ইসলাম, একই এলাকার মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম, মুশরুত বালাপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম ও মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকা থেকে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার সময়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকায় গভীর রাতে মাদক সেবনের সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরও ৪ জনকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ( ওসি) লুৎফর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া খেলার সময় ৪ জন ও মাদকসেবনের সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

