সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি জেলার বিভিন্ন ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে। রুপচাঁদা ও পুষ্টি ব্র্যান্ডের ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও পুষ্টি তেলের কিছু অনিয়ম ধরা পড়েছে।
রুপচাঁদার ডিলার “সঞ্জয় এন্ড ব্রাদার্স”-এ প্রায় ২৩,০০০ লিটার সয়াবিন তেল মজুদ ছিল যা ব্যবসায়ী পর্যায়ে বাজারে সরবরাহ করা হচ্ছে। দাম যাচাইয়ের পর কোন অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। বাজারে ভোজ্য তেল ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অপরদিকে, পুষ্টি ব্র্যান্ডের ডিলার “মেসার্স আল আমিন এন্টারপ্রাইজ”-এ মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করা সহ অন্যান্য অনিয়ম ধরা পড়ায় মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ করেছেন। এছাড়াও, মজুদকৃত পুষ্টি তেল বাজারে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।
এর পাশাপাশি সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানেও জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। দাম বেশি নেওয়ার অভিযোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমুল হোসেন “মেসার্স নিপু এন্টারপ্রাইজ”-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০,০০০ টাকা জরিমানা করেছেন।
ভোক্তা অধিদপ্তর জানায়, দাম নিয়ন্ত্রণ এবং পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

