তথ্য গোপন, আমন্ত্রণপত্র জালিয়াতি ও ফৌজদারি মামলার তথ্য আড়ালসহ নানা অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী অসদাচরণ ও পলায়নের দায়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
ডা. ফাতেমা দোজা প্রথমে কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি এবং ব্যক্তিগত শুনানিও চাননি। পরবর্তীতে দ্বিতীয় নোটিশের জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। এ কারণে গুরুদণ্ড স্বরূপ চাকরিচ্যুতির প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়।
পরে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে সরকারি কর্মকমিশন (পিএসসি) সম্মতি জানায় এবং রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার মাধ্যমে এই প্রস্তাব অনুমোদন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) মোতাবেক জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

