কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জাগিরপাড়া এলাকার এক মা একসঙ্গে ছয়টি সন্তান জন্ম দিয়েছেন। শনিবার (১১ মে) বেলা আড়াইটার দিকে কোনো অস্ত্রোপচার ছাড়াই চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে একে একে ছয়টি সন্তান প্রসব করেন মরিয়ম বেগম (৩০) নামের এই নারী। মরিয়ম বেগম জাগিরপাড়া এলাকার নুর মোহাম্মদের স্ত্রী। চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ডা. নাজনীন সুলতানা লুলু (এফসিপিএস, গাইনী ও অবস্টেট্রিক্স) এর তত্ত্বাবধানে সফলভাবে ডেলিভারির মাধ্যমে এই ছয় নবজাতকের জন্ম হয়। জানা গেছে, নবজাতকদের মধ্যে পাঁচজন মেয়ে এবং একজন ছেলে। মা ও ছয় শিশু সকলেই সুস্থ রয়েছেন। স্থানীয়দের মধ্যে এই ব্যতিক্রমী ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

