এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষক আকদাস হোসেন পরীক্ষার চলাকালীন সময়ে ক সেটের নৈর্বত্তিক প্রশ্নের সমাধান করলে তার সেই উত্তরপত্র বিভিন্ন কক্ষে সরবরাহ করেন এমনটাই জানা গেছে। বুধবার (০৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন— আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে ইউএনও মোস্তাফিজুর রহমান মহোদয় ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি। পরে তাদের আটক করে চৌহালী থানায় নিয়ে আসে। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে রাতে মামলা করেছেন। গ্রেপ্তারদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ নিউজ লেখা পযন্ত কাউকে জেল হাজতে প্রেরণ করা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

