ঢাকাTuesday , 21 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার দল ঘোষণা, ডি মারিয়া থাকলেও নেই দিবালা

Link Copied!

কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসির নেতৃত্বে শক্তিশালী প্রাথমিক দলই ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে ২৯ জনের স্কোয়াডে আনহেল ডি মারিয়া থাকলেও নেই বিশ্বকাপজয়ী পাউলো দিবালা।
চার বছরে আর্জেন্টিনার তৃতীয় মেজর ট্রফি জয়ের মিশনে সোমবার এই দল ঘোষণা করেছেন কোচ স্কালোনি। ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণার সময় এখান থেকে বাদ পড়বেন তিন জন। দিবালা ছাড়াও কাতার বিশ্বকাপজয়ী আরও তিন খেলোয়াড় হুয়ান ফয়েথ, আলেজান্দ্রো পাপু গোমেজ ও থিয়াগো আলমাদা নেই এই দলে।
ভিয়ারিয়ালের হয়ে ১২টি লিগ ম্যাচ খেলা ফয়েথ মৌসুমের বেশিরভাগ সময় খেলেননি ইনজুরির কারণে। ড্রাগ টেস্টে ব্যর্থ হয়ে দুই বছর নিষিদ্ধ গোমেজ। অলিম্পিকের জন্য আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়ায় বাদ পড়েছেন আলমাদা।
তবে দিবালা কেন বাদ পড়লেন, তা অস্পষ্ট। এএস রোমার হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন ৩০ বছরের ফরোয়ার্ড। দলে ফিরেছেন লিওনার্দো বালের্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, ভ্যালেন্তিন বার্কো, ভ্যালেন্তিন কার্বোনি ও আনহেল কোরেয়া।
কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে ৯ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসরে ২১ জুন কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ মেসিদের। গ্রুপে আর্জেন্টিনার পরের দুই ম্যাচ ২৬ জুন চিলি, ৩০ জুন পেরুর বিপক্ষে।