রবিবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা পুরাতন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হয়রানির শিকার মহিলা ভাইস চেয়ারম্যানের আপন ছোট ভাই অনিক মজুমদার সহ কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন।
মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা অভিযোগ করেন, সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রতিপক্ষ বর্তমান হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাথে দ্বন্দ্ব হয়।এরই সূত্র ধরে তার আত্মীয় সদর থানার এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে অনিক মজুমদারের কাছ থেকে মাদক উদ্ধারের নামে গত (১৩ মে) তার বাড়িতে ব্যাপক তল্লাশি করে ব্যর্থ হয় পুলিশ।
এরপর থেকে পুলিশ তাকে মাদকসহ চালান দিবে বলে নানা ধরনের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন।
দ্রুত তদন্ত সাপেক্ষে ওই এসআই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধের দাবিতে পুলিশ সুপার সহঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেনের ইন্ধনে এসআই মাসুম বিল্লাহ পরিবারটিকে পুলিশী হয়রানী করছেন বলে দাবী করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা কেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন তা খতিয়ে দেখতে মাগুরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এর আগে এ বিষয়ে খুলনা বিভাগের ডিআইজির কাছেও লিখিত অভিযোগ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।

