দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার (১৮ মে) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা মৃত্যুঞ্জয় ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশে কীভাবে সন্ত্রাসী কার্যক্রম বিস্তার লাভ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবার সার্বিক সহযোগিতায় একসঙ্গে কাজ করে সেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। পুলিশ এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।’
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীর সহায়তায় আমাদের পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে সরঞ্জমাদি দিয়ে পুলিশের সক্ষমতা বাড়িয়ে দিয়েছেন তিনি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এ দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ঈদ,পুজা এমনকি রাস্তার নিরাপত্তা বিষয়টিও পুলিশ সাহসিকতার সঙ্গে পালন করছে। এতে পুলিশ নিজেকে গর্বিত বলে মনে করে থাকে। কাজেই আগামী দিনেও যাতে জনগণের সেবা দিতে পারা যায় সেই চেষ্টাই পুলিশ করে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার শাহ মিজান শফিউর রহমান, পুলিশ কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মো. মনজুর রহমান।

