রাঙ্গামাটির লংগদুতে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের কর্মীসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী তিনক চাকমা ও স্থানীয় ব্যক্তি ধন্যমতি চাকমা। শনিবার (১৮ মে) সকাল ৯টায় উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় জেএসএস-সন্তু লারমা গ্রুপের ১০-১২ জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ-প্রসীত গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের চাঁদা কালেক্টর তিনক চাকমা ও স্থানীয় পাহাড়ী ধন্যমতি চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
লংগদু সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাটি অনেক দুর্গম হওয়ায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

