ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ ও ২১ আগস্টের ঘটনায় সংশ্লিষ্টতার খবরে বিএনপির গাত্রদাহ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হত‌্যাকাণ্ডে জিয়াউর রহমান ও তারেক রহমানের সংশ্লিষ্টতা এবং বেগম খালেদা জিয়ার প্রশ্রয় দেওয়ার তথ‌্য গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ‌্যমন্ত্রী। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর এক মন্তব‌্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উল্লিখিত কথা বলেন তিনি।
তথ‌্যমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়ার শাস্তি হয়েছে, দুর্নীতির মামলাতেও তার শাস্তি হয়েছে। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার কারণে শাস্তিপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছেন। প্রধানমন্ত্রী নজিরবিহীনভাবে বেগম খালেদা জিয়ার প্রতি মহানুভবতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে তিনি ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। বাংলাদেশে এরকম আগে ঘটেনি।’
তিনি বলেন, ‘সরকার বেগম খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে তা যেমন তুলনাহীন, বিএনপি যেভাবে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে, সেটিও তুলনাহীন।’
এক-এগারোর সরকার খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টা করেছিল, বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি সরকারের সীমাহীন দুর্নীতি-দুঃশাসনের কারণেই এক-এগারোর সরকার সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি কীভাবে দেশ পরিচালনা করেছে। সে সময় বাংলাদেশ দুর্নীতিতে পরপর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানের সৃষ্টি হয়েছে। ৬৩ জেলায় একযোগে ৫০০ জায়গায় বোমা বিস্ফোরিত হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হয়েছে। অর্থাৎ দুর্নীতি ও চরম অপশাসনের কারণেই এক-এগারোর সরকার সৃষ্টি হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘এক-এগারোর সরকারের মূল উদ্দেশ্য যদি খালেদা জিয়াকে মাইনাস করা হতো, তাহলে সেই সরকার প্রথমে এসে খালেদা জিয়াকে গ্রেপ্তার করার কথা ছিল। সেটি কিন্তু তারা করেনি, বরং এক-এগারোর সরকারের সময় ঘটা অন্যায়ের প্রতিবাদকারী জননেত্রী শেখ হাসিনাকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মূলত জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরাই মাঠে নেমেছিল, বিএনপির কর্মীরা নয়।’