খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোমবার সকালে তিনি নগর ভবনের সামনের সিঁড়িতে হামলার স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদপন্থীরা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, খুলনার সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসক জানান, রবিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা নগর ভবনের সামনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, খুলনা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। এ সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

