নিজস্ব প্রতিবেদক : সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে আইন প্রণয়নের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান ফোরামের সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু।
বিবৃতিতে ‘স্বামীর কৃষি ও অকৃষি সব ধরনের সম্পত্তিতে অংশীদার হতে পারবেন হিন্দু বিধবা নারীরা’- হাইকোর্টের দেওয়া এই রায়কে সাধুবাদ জানিয়েছেন তারা।
বিবৃতিতে তারা বলেন, শত শত বছর ধরে চলা বৈষম্য ভাঙতে এই রায় ইতিবাচক ভূমিকা পালন করবে। রায়কে বাস্তবায়ন করতে দ্রুত আইনে রূপ দেওয়ার দাবি করেন তারা। এখনও বাবার (পৌত্রিক) সম্পত্তির ভাগ পান না হিন্দু ও বৌদ্ধ নারীরা। সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালু করার দাবিও জানান নেতারা।

