নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝে আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম গ্রহণ করা হবে। ৩১ আগস্ট বেলা ১১টায় বনানী কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

