আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিকে এবোলামুক্ত ঘোষণা করা হয়েছে। গত ৪২ দিন ধরে সেখানে নতুন কোনো এবোলা রোগী সনাক্ত না হওয়ায় দেশটির সরকার এবং জাতিসংঘ এ ঘোষনা দিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
রোববার প্রেসিডেন্ট ওসমানে কোনে এক বিবৃতিতে বলেছেন,‘আমি আজ, ১৮ জানুয়ারি, ২০১৫ মালিকে এবোলা মুক্ত ঘোষণা করলাম।’ এ সময় তিনি এবোলা মোকাবেলায় অবদান রাখার জন্য দেশের স্বাস্থ্যকর্মী এবং আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ জানান।
ইউনাইটেড ন্যাশনস মিশিন ফর এবোলা ইমারজেন্সি রেসপন্স সংক্ষেপে ইউএনএমইইআ‘য়ের মালি কার্যালয়ের প্রধান ইব্রাহিম সোচে ফলও তার কথার সত্যতা স্বীকার করে নিয়ে বলেছেন, দেশটি এবোলা থেকে বেরিয়ে এসেছে।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশে ৪২ দিন ধরে নতুন করে কেউ এই মরণব্যাধীতে আক্রান্ত না হলে সে দেশকে এবোলা মুক্ত ঘোষনা করা হয়ে থাকে।
গত এক বছর আগে মালিতে এবোলা শুরু হয়। এই রোগে সেখানে সবমিলিয়ে সাত জন মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্ষেপে হু’র হিসাব মতে এবোলা রোগে এ পর্যন্ত ৮৪০০ জন প্রাণ হারিয়েছে যাদের অধিকাংই পশ্চিম আফ্রিকার দেশ ঘানা, সিয়েরা লিয়ন এবং লাইবেরিয়ার বাসিন্দা।

