বিনোদন ডেস্ক : গেলো ঈদে ‘কিস্তিমাত’ ছবির ব্যাপক সাফল্যের পর হঠাৎ আলোচনা থেকে উধাও হয়ে যান চিত্রনায়িকা আঁচল। কিন্তু ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবির মুক্তির তারিখ নির্ধারণের মাধ্যমে আবারো আলোচনায় ফিরলেন এই তারকা। পহেলা বৈশাখে উপলক্ষে আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে আঁচল অভিনীত ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটি।
ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে চিত্রনায়ক বাপ্পির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আঁচল। গেলো বছরের ১২ আগস্ট এর চিত্রধারণের মাধ্যমে ছবির কাজ শুরু হয়। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে। ছবির একটি আইটেম গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজও করেছেন বাপ্পি-আঁচল জুটি।
চিত্রধারণের কাজ শেষে গত নভেম্বরেই ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ সেন্সর বোর্ডে জমা পড়ে। অবশেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে। প্রথম দফায় এ বছরের শুরুর ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও, রাজনৈতিক অস্থিরতার কথা চিন্তা করে আগামী ১০ এপিল ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করেই ছবিটি মুক্তি দিতে চলেছেন পরিচালক।
এদিকে বৈশাখে বড়পর্দায় ফেরা প্রসঙ্গে আঁচল বলেন, ‘কিস্তিমাতে ছবিতে দর্শক আমাকে যেভাবে গ্রহণ করেছে, এই ছবিতেও সেভাবে গ্রহণ করবে বলেই আশা করছি। তাছাড়া আমি এখন থেকে বেছে বেছে কাজ করছি। তাই দর্শকদের ভালো কিছু দিতে পারবো বলেই আশা করি।’

