আন্তর্জাতিক ডেস্ক : বিহারের মুজাফরাবাদ জেলায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে মারা গেছে কমপক্ষে ৩ জন। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এদের মধ্যে দু জনের অবস্থা গুরুতর।
রোববার বিকেলে বিহারের রাজধানী পাটনা থেকে ৫৫ কিলোমিটার দূরে বাহিলওয়ারা গ্রামের সংখ্যালঘু মুসলমানদের ওপর ওই হামলার ঘটনা ঘটে। সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের তরুণরা এ হামলা চালিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। তারা গ্রামের মুসলমানদের কমপক্ষে ২৫টি ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে মারা যায় কমপক্ষে তিন জন। আহত হয় আরো বেশ কয়েকজন। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
তবে বিহার পুলিশের মুখপাত্র গুপ্তেশ্বর পাণ্ডে বলেছেন, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
নিহতদের প্রতি পরিবারকে ৫ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে বিহার সরকার।

