চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর উদ্যোগে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’ গ্রহণ করলেন দেশের প্রখ্যাত অভিনেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা এবং আবৃত্তিশিল্পী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।
শনিবার রাতে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। তারুণ্যের উচ্ছ্বাস বিখ্যাত অভিনেতা ও বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে ২০১৭ সাল থেকে এই সম্মাননা দিয়ে আসছে।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় আসাদুজ্জামান নূরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন শিশির দত্ত, রাজনীতিবিদ ও সংস্কৃতিজন মফিজুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, অভিনয়শিল্পী বন্যা মির্জা, ফোরএইচ গ্রুপের আইন উপদেষ্টা অ্যাডভোকেট হোসাইন আল আশকারী এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক। তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়া।
এ সময় অতিথিরা সম্মাননাপ্রাপ্ত গুণীজন সুবর্ণা মুস্তাফার হাতে তুলে দেন উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক এবং নগদ ১০ হাজার টাকা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অংশ নেন সঙ্গীতভবন, অভ্যূদয় সঙ্গীত অঙ্গন ও সঙ্গীতীর্থ এবং দলীয় নৃত্যে ছিল স্কুল অব ওরিয়েন্টাল ডান্স ও চারুতা নৃত্যকলা একাডেমি। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তাফা, মিলি চৌধুরী, হাসান জাহাঙ্গীর, বন্যা মির্জা, ফারুক তাহের ও শ্রাবণী দাশ গুপ্তা। একক সঙ্গীত পরিবেশন করেন আল তুষি।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবারের মতো তারুণ্যের উচ্ছ্বাস প্রবর্তিত গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা গ্রহণ করেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং ২০১৮ সালে দ্বিতীয় গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা গ্রহণ করেছিলেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।

