সিলেট প্রতিনিধি : প্রায় ১৮ মাস আগে ফেসবুকে পরিচয়, তারপর প্রেম। আর সেই প্রেমের টানে ১৫ হাজার মাইল পাড়ি দিয়ে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে ছুটে এসেছেন ব্রাজিলের বাখজিয়াং এলাকার মেয়ে লুসি ক্যানেল। শুধু তাই নয়; ধর্মান্তরিত হয়েছে ইসলাম ধর্ম গ্রহণও করেছেন তিনি। তারপর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রেমিক সাহেদ আহমদের সঙ্গে।
জকিগঞ্জের বিলপার গ্রামের বাসিন্দা সাহেদ আহমদ (২৯) আনসার সদস্য হিসেবে কর্মরত। আর লুসি ব্রাজিলের একটি হাসপাতালের কলসেন্টারে কাজ করেন। গত ২০ ফেব্রুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লুসিকে বরণ করেন সাহেদ। ২১ ফেব্রুয়ারি সিলেট আদালতের আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে ধর্মান্তরিত হন লুসি। ইসলাম ধর্মমতে তার নতুন নাম রাখা হয় খাদিজা বেগম। এরপর মুসলিম রীতি অনুসারে ৩ লাখ ২৫ হাজার টাকা দেনমোহরে সাহেদের সঙ্গে বিয়ে হয় তার।
সাহেদ জানান, ফেসবুকের মাধ্যমে লুসির সাথে তার পরিচয়। আর সেখান থেকেই তা প্রণয়ে রূপ নেয়। প্রথম দিকে তিনি গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে লুসির সঙ্গে কথা বললেও এখন ইংরেজিতে তিনি দক্ষ হয়ে উঠেছেন। উভয় পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
আর ব্রাজিলিয়ান কন্যা লুসি ক্যালেন জানান, বাবা-মায়ের অনুমতি নিয়ে ১৫ দিনের ছুটি নিয়ে বিয়ের জন্য তিনি বাংলাদেশে এসেছেন। তার সাথে তার বাবা ও মা বাংলাদেশে আসার কথা ছিলো। কিন্তু, ভিসা জটিলতার কারণে আসতে পারেননি।
বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে আকৃষ্ট করেছে জানিয়ে লুসি আরও বললেন, ছুটি কম হওয়ায় তাকে ব্রাজিল ফিরে যেতে হচ্ছে। তবে বেশি সময় কাটাতে আবারও ছুটি নিয়ে তিনি বাংলাদেশে আসবেন।
এদিকে প্রেমের টানে এভাবে ব্রাজিল থেকে জকিগঞ্জে চলে আসা লুসি ক্যানালকে নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ কৌতুহল দেখা গেছে। তারা লুসিকে দেখতে সাহেদের বাড়িতে ভীড় করছেন। লুসিও তাদের সাথে সানন্দে দেখা করছেন। কথাবার্তাও বলছেন আন্তরিকতার সাথে, যে কারণে মুগ্ধ হয়ে ফিরছেন তারা।

