গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির বাঘিয়া এলাকা থেকে মমতাজ (৫৫) নামে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মমতাজ স্বপরিবারে রাজধানীর তেজগাঁও পশ্চিম নাখালপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্ডেন স্কুলে শিক্ষিকতা করতেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার মৃত বছির উদ্দিন সরকারের মেয়ে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার এসআই মাইকেল বনিক ও স্থানীয়রা জানান, সকালে মমতাজের বাবার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাঘিয়া এলাকা মন্ডলবাড়ি রোড়ের পাশে সীমানা প্রাচীর দেওয়া ফাঁকা জায়গায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই আরো জানান, শুক্রবার বিকেলে মমতাজ বাঘিয়া আসার জন্য ঢাকার বাসা থেকে বের হন। কিন্ত তিনি বাবার বাড়িতেও যান নি। তার মৃত্যুর কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

