পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাতের নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা (৩৫) । এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের চাঁদমারী মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল্লাকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। এছাড়াও সেখান থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি জানান, গোলাগুলিতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়। আহতরা হলেন- ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম, এএসআই শামীম হোসেন, কনস্টেবল মাসুদ রানা ও আল মুসাভী। তারা সকলেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকার জাহাঙ্গীর আলম কাজীর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

