নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় রোজিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লার ইদ্রাকপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রোজিনা কেরানীগঞ্জ এলাকার মোমেন মিয়ার মেয়ে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, দুই মাস আগে রোজিনা ও আরিফ ওরফে সঞ্জয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। আরিফ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দুপুরে বাড়ি অন্য বাসিন্দারা রোজিনার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে ওড়না ও মাল্টিপ্লাগের তার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, আরিফ ওরফে সঞ্জয় রোজিনার স্বামী নয়, প্রেমিক। ধারণা করা হচ্ছে, কোনো কিছু নিয়ে বিরোধের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় আরিফ।

