চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক বস্তিঘর। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত উৎস থেকে আগুন লেগে রৌফাবাদ এলাকায় একাধিক ব্যক্তির মালিকানাধীন কমপক্ষে ১০৯টি বস্তিঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
পুড়ে যাওয়া ঘর ও কলোনির মধ্যে রয়েছে জসিম কলোনির ৪০টি, রহিম কলোনির ২৭টি ও আকবর কলোনির ৪২টি ঘর এবং দুটি দোকান। নগরীর বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের নয়টি গাড়ি প্রায় চার ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্তরা সবাই নিম্ন আয়ের মানুষ বলে জানা গেছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

