কুষ্টিয়া সংবাদদাতা : প্রধানমন্ত্রীর জন্য ব্যতিক্রমী এক উপহার রেখেছেন তারই অন্ধভক্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের লতিফুন নেছা।
২০১৬ সাল থেকে লালন-পালন করে বড় করে তুলেছেন একটি কালো রঙের ছাগল। তার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার ইচ্ছাতেই দীর্ঘ তিন বছর ধরে ছাগলটিকে পালন করছেন লতিফুন।
৫ ছেলে ও ৬ মেয়ে নিয়ে মৃত সামছুদ্দিন মন্ডলের স্ত্রী লতিফুন নেছার অভাবের সংসার। এ অবস্থায় নানা প্রতিকূলতা সত্বেও ছাগলটিকে বিক্রয় করেননি তিনি। তার একটাই কথা- এটা তার প্রিয় নেত্রীর জন্য।
তিন বছরে এখন ছাগলটির ওজন প্রায় শত কেজি। কিন্তু কীভাবে প্রিয় নেত্রীর কাছে ছাগলটি পৌঁছাবেন উপায় জানা নেই তার। তাই ছাগলটিকে প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
তার কথা, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছাগলটি গ্রহণ করেন তাহলে তার জীবনের শেষ স্বপ্ন ও ইচ্ছাটুকু পূরণ হবে। প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি তিনি শুনেছেন। তিনি আশা প্রকাশ করেন বৃদ্ধা লতিফুন নেছার ইচ্ছা পূরণ হবে।

