লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবকের পাকস্থলি (পেট) থেকে ১৫৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপর এক সহযোগীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার নিলা গ্রামের নুরুল বাশারের ছেলে জুবায়ের (২৫) ও একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোবারক হোসেন (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে জুবায়ের ও মোবারক নামের দুই যুবককে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে মোবারকের পেট থেকে পায়ুপথের মাধ্যমে ১৫৫০ পিস ও জুবায়েরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ‘গোপন্ সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ টেকনাফ উপজেলার দুই যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য পরিবহনের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

