চট্টগ্রাম প্রতিনিধি : স্মাইল ফাউন্ডেশন। দুস্থ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই যেন এই ফাউন্ডেশনের সৃষ্টি। চট্টগ্রামের শীতার্তদের জন্য ৩টি স্থানে মানবতার দেয়াল তৈরি করেছে স্মাইল ফাউন্ডেশন নামের এই সংগঠন।
‘আপনার অতিরিক্ত যা এখানে রেখে যান’, আপনার প্রয়োজন যা নির্ভয়ে এখান থেকে নিয়ে যান’- এ স্লোগানে সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজেদের অপ্রয়োজনীয় বা অতিরিক্ত জামা-কাপড় দেয়ালে ঝুলিয়ে রাখছেন। তাদের এই উদ্যোগে এখন সাড়া দিচ্ছেন সাধারণ মানুষও।
স্মাইল ফাউন্ডেশনের সদস্য আলিফা নুসরাত জানান, গত ১৫ জানুয়ারি প্রথম চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় একটি মানবতার দেয়াল তৈরি করেন তারা। তাদের এ উদ্যোগে ব্যাপক সাড়া পান। পরে স্থানীয় অনেকেই এই মানবতার দেয়ালে সহযোগিতা করতে এগিয়ে আসেন। এলাকার সাধারণ মানুষ তাদের বাসায় অব্যবহৃত কিংবা প্রয়োজনের অতিরিক্ত কাপড় ও অন্যান্য সামগ্রী মানবতার দেয়ালে টাঙিয়ে দেন। এখান থেকে দুস্থ অসহায়রা তাদের প্রয়োজনমতো কাপড় সংগ্রহ করছেন।
লালখান বাজারে ব্যাপক সাড়া পাওয়ার পর নগরীর শেখ মুজিব রোডের দেওয়ানহাট ব্রিজের কাছে এবং নাসিরাবাদ ওমেন কলেজের পাশে আরো দুটি মানবতার দেয়াল তৈরি করেন। এসব দেয়ালেও সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন বলে জানান আলিফা নুসরাত।
নুসরাত বলেন, ‘অনেকের বাসায় অতিরিক্ত জিনিস ফেলে না রেখে গরীব অসহায়দের মাঝে স্বেচ্ছায় দান করার মানসিকতা তৈরি করাই এই মানবতার দেয়ালের উদ্দেশ্যে।’
স্মাইল ফাউন্ডেশনের সদস্যরা জানান, নগরীর আরো কয়েকটি স্থানে মানবতার দেয়াল তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। মানবতার দেয়াল তৈরির নেপথ্যে এই ফাউন্ডেশনে যে তরুনরা কাজ করছেন তাদের মধ্যে আছেন মামুন বীন আমিন, ফজলুর রহামান, আলিফা নুসরাত, গাজী রাসেল, রাজন খান, শাহাদাত হোসেন, শাহিন হোসেন, শাহনাজ শানু, মরিয়ম মুন্নি, সাইমা রিমি, রোকেয়া আক্তার প্রমুখ।

