ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাছ ও বিদ্যুতের পোল রেখেই প্রশস্ত হচ্ছে মহাসড়ক!

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ও বিদ্যুতের পোল না সরিয়েই চলছে সড়ক সম্প্রসারণের কাজ। নানা শঙ্কায় এজন্য আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উদ্যোগে প্রায় ৪ কিলোমিটার সম্প্রসারিত রাস্তার মধ্যেই রয়েছে অসংখ্য গাছ ও বিদ্যুতের পোল। কিন্তু এগুলো না সরিয়েই চলছে রাস্তার কাজ। এর ফলে সড়কে দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি সড়ক সম্প্রসারণের পদক্ষেপ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
সওজ সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সিলেট-ঢাকা মহাসড়কে রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদর পর্যন্ত ৩.৭ কিলোমিটার সড়ক সম্প্রসারণের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়। প্রকল্প অনুসারে বর্তমান ১৮ফুট সড়ক ২৪ ফুটে সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সদর এলাকায় সড়কের দু’পাশে ফুটপাত ও ড্রেইন (সড়কের পার্শ্বে) নির্মাণ করার কথা রয়েছে।
ডিসেম্বরে সড়কের কাজ শুরু হলেও সড়কের সম্প্রসারিত অংশে বড় বড় গাছ ও বিদ্যুতের পোল এখনও অপসারণ করা হয়নি। এগুলো অপসারণ না করেই গুরুত্বপূর্ণ এ সড়ক খোঁড়ার পর ইটের খোয়া ও বালু দিয়ে সমান করে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে কার্পেটিংয়ের আগেই সড়কের সম্প্রসারিত অংশের গাছ ও বৈদ্যুতিক খুটি অপসারণ, পথচারীদের চলাচলের সুবিধার্থে মাটি ভরাট করে ফুটপাত তৈরি এবং কাজের গুণগতমান অক্ষুন্ন রেখে প্রশস্তকরণ কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন স্থানীয়রা। এজন্য সভা-সমাবেশও করছেন তারা।
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী জানান, কর্মসূচীর অংশ হিসেবে আগামী মঙ্গলবার সকাল ১০টায় বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে তারা সভা করবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি দেবেন তারা।
এ ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মো. সামিউল কবির বলেন, ‘বৈদ্যুতিক পোলগুলো সরানো সময় সাপেক্ষ ব্যাপার। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই পোল প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করা হবে।’
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম বলেছেন, ‘এ সড়কের সম্প্রসারিত অংশের গাছগুলো অপসারণের জন্য টেন্ডার আহ্বান করা হলেও সরকার নির্ধারিত মূল্য না পাওয়ায় গাছ বিক্রি করা যায়নি। তবে শীঘ্রই পুনঃটেন্ডার আহ্বান করার মাধ্যমে গাছ অপসারণ করা হবে।’
সওজ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী বলেন, ‘সড়ক সম্প্রসারণ কাজ শুরু হওয়ার আগে বন বিভাগকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তারা এখনও গাছগুলো অপসারণ না করায় সম্প্রসারণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’
এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রশিদপুর-বিশ্বনাথ সড়ক দিয়ে তিন উপজেলার জনসাধারণ যাতায়াত করেন।