বিনোদন ডেস্ক : প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের নন্দিত সিনেমা পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬) ও অপুর সংসার (১৯৫৯)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা তিনটি একসঙ্গে অপু ট্রিলজি নামেই অধিক পরিচিত। এর মূল চরিত্র অপু। দীর্ঘ ছয় দশক পর আবারো এই জনপ্রিয় চরিত্রটি পর্দায় আসছে।
পিরিয়ড-ড্রামা ঘরানার ভারতীয় বাংলা অভিযাত্রিক : দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু সিনেমায় আবারো অপুকে দেখতে পাবেন দর্শক। বলিউড নির্মাতা মধুর ভান্ডারকরের প্রযোজনায় এটি পরিচালনা করবেন শুভ্রজিৎ মিত্র। আজ শুক্রবার সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সিনেমাটিতে ‘অপরাজিত’ উপন্যাসের শেষ অংশ তুলে ধরা হবে। নির্মাতাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপুর সংসার সিনেমায় যেখান থেকে অপু ট্রিলজির গল্প শেষ হয়েছে নতুন সিনেমাটির কাহিনি সেখান থেকেই শুরু হবে।’
এ প্রসঙ্গে মধুর ভান্ডারকর বলেন, ‘একজন পরিচালক ও সিনেমাপ্রেমী হিসেবে আমি সত্যজিত রায়ের অনেক বড় ভক্ত ও অনুসারী। আর অপুর জার্নি সবসময়ই আমাকে আকর্ষণ করেছে। আমি গৌরাং জালানকে দীর্ঘদিন ধরে চিনি, তিনি আমার সঙ্গে সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছেন। আশা করছি, বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি বৈশ্বিকভাবে সিনেমাপ্রেমীদের কাছেও এটি ভালো লাগবে।’
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ঘিরেই এর গল্প তৈরি হয়েছে। এতে বাবা-ছেলের বন্ধন তুলে ধরা হবে। এর গল্প অপু ও তার ছয় বছর বয়সি সন্তান কাজলকে নিয়ে। ১৯৪০ সালে ভারতের যে চিত্র ছিল, তা সঠিকভাবে তুলে ধরতে সাদা-কালোতে সিনেমাটির শুটিং হবে। মূল উপন্যাসে থাকলেও লীলা চরিত্রটি অপু ট্রিলজিতে ছিল না। তবে নতুন সিনেমাটিতে এই চরিত্রটি দেখা যাবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

