স্পোর্টস ডেস্ক : শুরুটা করলেন যজুবেন্দ্র চাহাল। আর শেষ করলেন মাহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নামে। যজুবেন্দ্র চাহালের ঘূর্ণিতে তারা ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায় ২৩০ রানে। চাহাল একাই নেন ৬ উইকেট।
এরপর ২৩১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানে রোহিত শর্মা (৯), ৫৯ রানে শিখর ধাওয়ান (২৩) ও ১১৩ রানে বিরাট কোহলিকে (৪৬) হারায় ভারত। সেখান থেকে জুটি বাঁধেন মাহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব। তারা দুজন ১৯.২ ওভার অবিচ্ছিন্ন থেকে ৬.২৫ গড়ে ১২১ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ধোনি ১১৪ বল খেলে ৬ চারে করেন ৮৭ রান। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৭০তম হাফ সেঞ্চুরি। আর চলতি বছরের তৃতীয়।
২০১৮ সালে তিনি কোনো ফিফটির দেখা পাননি। কিন্তু ২০১৯ সালের শুরুর তিন ম্যাচেই তিনটিতেই হাঁকিয়েছেন (৫১, ৫৫* ও ৮৭*)। অথচ আজ প্রথম বলেই আউট হতে পারতেন তিনি। কিন্তু ম্যাক্সওয়েল ফেলে দেন ধোনির ক্যাচ! ধোনির সঙ্গে ৫৭ বল মোকাবেলা করে ৭ চারে ৬১ রানে অপরাজিত থাকেন যাদব। বল হাতে অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন, পিটার সিডল ও মার্কাস স্টয়েনিস ১টি করে উইকেট নেন।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া চাহাল, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির বোলিং তোপের মুখে পড়ে। চাহাল একাই নেন অস্ট্রেলিয়ার ছয়-ছয়টি উইকেট। যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চম উইকেট শিকার। বাকি চারটি উইকেট ভুবনেশ্বর ও সামি সমানভাবে ভাগাভাগি করে নেন।
ভারতের এই ত্রিফলার আক্রমণের মুখে পিটার হ্যান্ডসকম ছাড়া আর কেউ-ই কোমর সোজা করে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার। হ্যান্ডসকম ৬৩ বল খেলে ২ চারে সর্বোচ্চ ৫৮ রান করেন। এ ছাড়া শন মার্শ ৩৯, উসমান খাজা ৩৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৬টি রান করেন।
বল হাতে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন যজুবেন্দ্র চাহাল। আর তিন ম্যাচের তিনটিতেই ফিফটি হাঁকিয়ে সিরিজসেরা হয়েছেন মাহেন্দ্র সিং ধোনি।

