নিজস্ব প্রতিবেদক : উদ্ধার হলো শাহনাজ আক্তার পুতুলের চুরি হওয়া স্কুটিটি। নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর থেকে স্কুটিটি উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্কুটিটি হারানোর পর থেকে তেজগাঁও থানা পুলিশের একটি দল কাজ করছিল। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মঙ্গলবার রাত ৩টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকা থেকে স্কুটিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. জনিকে। শাহনাজ স্কুটি দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার সংগ্রামী জীবন। স্কুটিটি দিয়ে অ্যাপভিত্তিক রাইড শেয়ার ব্যবহারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তিনি।’
প্রসঙ্গত, শাহনাজের স্কুটিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে চুরি হয়। জনি শাহনাজের অল্প দিনের পরিচিত। তাকে চাকরি দেওয়ার কথা বলে তার সঙ্গে দেখা করে ওই যুবক। শাহনাজের স্কুটিতে উঠে কথা বলছিলেন। একপর্যায়ে প্রতারণা করে শাহনাজকে রেখেই স্কুটি নিয়ে সটকে পড়েন। এরপর এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে।

