নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরে আসবেই। ইতোমধ্যে দেশের সাধারণ জনতা ট্রাফিক পুলিশের চেষ্টায় সাড়া দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে ট্রাফিক পুলিশের ‘পক্ষকাল’ শৃঙ্খলা ফেরানোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কুর্মিটোলায় দুই ছাত্রীর মৃত্যুর পর কোমলমতি ছাত্র-ছাত্রী রাস্তায় নেমে শৃঙ্খলা ফেরাতে কাজ করে। যাকে আমরা সাধুবাদ জানিয়েছি। এরপর ট্রাফিক পুলিশ তাদের এ ধারা অব্যাহত রাখতে বিভিন্ন সময় ট্রাফিক মাস কিংবা ট্রাফিক সপ্তাহ শুরু করে। সেখানে পুলিশের ডাকে জনগণ সাড়া দিয়েছে। এ কারণে এখন দেখবেন রাস্তায় হেলমেট ছাড়া কোন নাগরিক মোটর সাইকেল নিয়ে বের হন না। এটা প্রমাণ করে যে, দেশের মানুষ আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। একই সঙ্গে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। পারাপারেও ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। ফুটপাত নিয়েও কাজ করবে পুলিশ। আজকাল দেখা যাচ্ছে এই জায়গা দখল করে রাখা হয়েছে। জনগণ ব্যবহার করতে পারছে না।’
ট্রাফিক পুলিশের শৃঙ্খলার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘মঙ্গলবার শুরু হওয়া শৃঙ্খলা অভিযান আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে রাজধানী ঢাকাসহ সারাদেশে। আশা করছি জনগণ এবারও সাড়া দেবে। সেক্ষেত্রে সড়কে আরও শৃঙ্খলা ফিরে আসবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

