গাজীপুর প্রতিনিধি : ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বুধবার গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা, টঙ্গী, নাওজোড়সহ কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ, কারখানা ভাঙচুর, মহাসড়ক অবরোধ করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা প্রশাসন বিজিবি মোতায়েন করেছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে কয়েকটি কারখানা ভবনের গ্লাস ভাঙচুর করে। পরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, টঙ্গী বিসিক শিল্প এলাকায় সকাল থেকে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে প্রায় ১৫টি কারখানার ভবনের কাঁচ ভাঙচুর করে। এ ছাড়া, শ্রমিকরা কারখানার ২/৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, প্রায় একই সময়ে সিটি করপোরেশনের নাওজোড়, ভোগড়া বাইপাস এলাকায় বিভিন্ন করাখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে ওই সব এলাকার অধিকাংশ কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, পোশাক কারখানার শ্রমিকদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গী, গাজীপুরা, হোতাপাড়া, কোনাবাড়ি ও মৌচাক এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার সকাল থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে।

