আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরি নিয়ে এক ব্যক্তি হামলা চালিয়েছে। মঙ্গলবার রাজধানী বেইজিংয়ের ওই বিদ্যালয়ে চালানো হামলায় ২০ শিশু আহত হয়েছে।
শিচেং জেলা সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে। হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে শিশুরা মাথায় আঘাত পেয়েছে বলে জানিয়েছে জেলা সরকার।
বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের কাছেই একটি হাসপাতালে শিশুদের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের বাইরে ছয়টি পুলিশের গাড়ি ছিল।
হামলার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
চীনে সহিংস হামলা বিরল ঘটনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি ছুরি ও কুঠার হামলার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের জানুয়ারিতে চীনের দক্ষিণে একটি স্কুলে ছুরি হামলায় ১২ শিশু আহত হয়।

