নিজস্ব প্রতিবেদক : ভাষা সৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল হান্নান আর নেই। মঙ্গলবার ভোরে রাজধানীর সিটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা হবে। এরপর তার মরদেহ শহরের মধ্যশেরি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ভাষা সৈনিক সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
১৯৩২ সালে ২৫ ডিসেম্বর শেরপুরে জন্ম গ্রহণ করেন সৈয়দ আব্দুল হান্নান। ভাষা সংগ্রামী ও প্রথিতযশা শিক্ষাবিদ হিসেবে তিনি শেরপুরের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। স্থানীয়ভাবে তিনি ‘হান্নান স্যার’ হিসেবে সমধিক পরিচিত।
১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। সে সময় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার দাবিতে মিছিল চলাকালে তিনি ও পরে তার বড় ভাই ছাত্রনেতা সৈয়দ আব্দুস সাত্তার গ্রেপ্তার হন।
এ ছাড়া ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট, ১৯৬৯ সালের গণঅভ্যুথান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে শেরপুরের বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করার অপরাধে তাকে তিনবার গ্রেপ্তার করে প্রায় চার মাস জেলে রাখা হয়।

