নিজস্ব প্রতিবেদক : সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে এবার মিরপুরের কালশী সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৯টার পর থেকে তারা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পল্লবী থানার অফিসার ইনচাজ্ (ওসি) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা সড়কের একপাশে অবস্থান নিয়েছেন। অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে কালশীর ২২ তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকরা অভিযোগ করেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এ কারণে রাস্তায় নামতে হয়েছে।
এর আগে গত দুই দিন এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী, গাজীপুর সড়কে অবস্থান নেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

