আন্তর্জাতিক ডেস্ক : আগামী পাঁচ বছরের মধ্যে ইসলামকে ‘চীনা ঘরানার’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে নতুন আইন পাশ করতে যাচ্ছে চীন। চীনের প্রধান ইংরেজি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আটটি ইসলামি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সরকারি কর্মকর্তারা ‘ইসলামকে সমাজতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত করতে এবং এই ধর্মটিকে চীনা ঘরানায় বাস্তবায়ন করতে’ একমত হয়েছেন। পত্রিকাটি অবশ্য বিস্তারিত তথ্য কিংবা কোন সংস্থাগুলো সরকারি ডিক্রির ব্যাপারে একমত হয়েছে তাদের নাম প্রকাশ করেনি।
মাও সেতুংয়ের পর শি জিনপিং চীনের সবচেয়ে ক্ষমতাশারী নেতা হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন মতবাদে বিশ্বাসী গোষ্ঠীগুলোকে ‘চীনা ঘরানার’ করে তুলেতে আগ্রাসন চালাচ্ছে। এসব গোষ্ঠীর ওপর দীর্ঘদিন ধরে নির্যাতনও চালাচ্ছে বেইজিং।
চীনের বেশ কয়েকটি অংশে ইসলাম ধর্ম চর্চা নিষিদ্ধ করা হয়েছে। কেউ নামাজ আদায় করলে, রোজা রাখলে, দাড়ি রাখলে কিংবা হিজাব পরিধান করলে তাদেরকে গ্রেপ্তার হুমকির মুখে পড়তে হয়।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে আটক রেখে ধর্ম পালনে বাধা এবং জোর করে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী করার চেষ্টা হচ্ছে। বেইজিংয়ের বিরুদ্ধে ‘জাতিগত শুদ্ধি’ অভিযান চালানোরও অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ।

