আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসের পদত্যাগের এক মাসের মাথায় পদত্যাগ করলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ কেভিন সুয়েনি। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এক মাসের মাথায় সুয়েনিকে নিয়ে তৃতীয় শীর্ষ কর্মকর্তা পেন্টাগন ছাড়লেন। ২০১৭ সালের জানুয়ারি থেকে পেন্টাগনের চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন সুয়েনি।
পদত্যাগের পর রিয়ার অ্যাডমিরাল সুয়েনি এক বিবৃতিতে লিখেছেন, ‘বেসরকারি খাতে ফিরে যাওয়ার এটাই সঠিক সময়।’ পদত্যাগপত্রে দায়িত্ব পালনকালে সহকর্মীদের সঙ্গে ‘কাজ করাটা ছিল সম্মানের’ কথা উল্লেখ করে ধন্যবাদ জানালেও ট্রাম্পের নাম নেননি সুয়েনি।
গত বছরের ডিসেম্বরে ট্রাম্প সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। এর পরপরই প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল জেমস ম্যাটিস পদত্যাগ করেন। ম্যাটিস তার পদত্যাগপত্রে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন,‘এসব ও অন্যান্য বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে এমন কাউকেই প্রতিরক্ষা মন্ত্রী বানানোর অধিকার আপনার (ট্রাম্প) রয়েছে। আমার মনে হয়, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।

