আন্তর্জাতিক ডেস্ক : গত ডিসেম্বরে চীনের টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের জ্যেষ্ঠ নির্বাহীকে গ্রেপ্তারের পর কানাডার ১৩ নাগরিককে গ্রেপ্তার করেছে বেইজিং। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার মুখপাত্র গুইলিউম বেরুবি।
গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে কানাডা কেবল তিনজনের পরিচয় প্রকাশ করেছে। এরা হচ্ছেন প্রাক্তন কূটনীতিক মাইকেল কভরিগ,পরামর্শক মাইকেল স্পাভর ও পেশায় শিক্ষক সারাহ ম্যাকাইভার। গত ১০ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার হন কভরিগ ও স্পাভর। সারাহ ম্যাকাইভারকে চলতি সপ্তাহে মুক্তি দিয়েছে বেইজিং।
চীনের নিরাপত্তার জন্য তারা হুমকি বলে দাবি করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে সব মিলিয়ে আটজনকে মুক্তি দিয়েছে চীন। কী অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি বেইজিং।
এসব গ্রেপ্তারের ঘটনার সঙ্গে হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেংয়ের গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই বলে কানাডা সরকার একাধিকবার বলেছে। অবশ্য বেইজিংভিত্তিক পশ্চিম কূটনীতিক ও কানাডার প্রাক্তন কূটনীতিকরা দাবি করেছেন, ইটের বদলে পাটকেল মারতেই কানাডীয় নাগরিকদের গ্রেপ্তার করেছে চীন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে গত ১ ডিসেম্বর হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেংকে গ্রেপ্তার করা হয় কানাডায়। শেষ পর্যন্ত ১১ ডিসেম্বর শর্ত সাপেক্ষে তার জামিন দেওয়া হয়।

