আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে একটি অ্যাপার্টমেন্ট ভবনের অংশ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
৩১ ডিসেম্বর ভোররাতে রাজধানী মস্কো থেকে এক হাজার ৭০০ কিলোমিটার পূর্বে শিল্প শহর মাগনিতাগোর্সকে ১০ তলা আবাসিক ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ৪৮টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েক দিনে নিহতের সংখ্যা বাড়তে শুরু করেছে। অবশ্য উদ্ধারকারীরা প্রবল শীতল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে নিহত ৩৭ জনের মধ্যে ২২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
রাশিয়ার তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানতে এখনো তারা তদন্ত করছেন। ঘটনাস্থলে তারা বিস্ফোরণের কোনো সূত্র পাননি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

