ঢাকাTuesday , 1 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কড়া নিরাপত্তার মধ্যে বর্ষবরণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিল রাজধানীবাসী। প্রতিবারের মতো এবারও বর্ষবরণের কেন্দ্রস্থল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা।
একদিকে জাতীয় সংসদ নির্বাচন অন্যদিকে শীতকালীন ছুটি, সবমিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় অনেকটাই ফাঁকা ছিল ক্যাম্পাস। তবে রাত ১২টার আগেই বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীরা টিএসসি এলাকায় একত্র হন। কঠোর নিরাপত্তার মধ্যেই নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ইংরেজি নতুন বছর ২০১৯ কে বরণ করে নেন তারা।
অনেককেই দেখা যায় আতশবাজি ফোটাতে। অনেকে হাজির হন ঢোল-বাদ্যের ঝঙ্কার তুলতে। রাজধানী জুড়ে ছিল পুলিশ ও র‌্যাবের কড়া নজরদারি। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান। কোথাও ব্যারিকেড। যান চলাচল বন্ধ রাখা হয় গুরুত্বপূর্ণ সড়কে।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক এলাকা গতকাল সন্ধ্যার আগেই ফাঁকা করে দেওয়া হয়। সন্ধ্যা ৬টার পর পরিচয়পত্র ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
নতুন বছরকে বরণ করে নিতে টিএসসিতে আসেন চতুর্থ বর্ষের সাহিদুল ও তার বান্ধবী নাঈমা। কথা হয় তাদের সঙ্গে। নাঈমা জানান, আমরা প্রতিবারই নতুন বছরকে বরণ করে নিতে টিএসসিসহ রাজধানীর দর্শনীয় স্থানগুলোতে যাই। তবে এবার যেহেতু একদিকে নির্বাচন পরবর্তী সময় তাই অন্য কোথাও যাব না।
মামুন, হাসান, শরীফ, মিলা ও রিনি মিলে ফানুস উড়াচ্ছিলেন। শরীফ বলেন, আমরা সবাই বন্ধু। সাত বছরের ফ্রেন্ডশিপ আমাদের। আমরা শুধু থার্টি ফাস্ট নাইট নয়, সকল উৎসবে একত্র হওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিতকতায় আজকের এ মিলনমেলায়ও আমরা একত্রে আছি। আমৃত্যু এভাবে থাকতে চাই। নতুন বছরের শুরুতে এ কামনাই করি।
নতুন সরকার ও নতুন উদ্যোমে আগামীর বাংলাদেশের উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মামুন বলেন, আমরা সবাই মিলে যদি আমাদের এ সোনার বাংলার জন্য কাজ করি এ দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করাতে বেশি সময় লাগবে না। আমরা হানাহানি, ধ্বংসযজ্ঞ চাই না। আমরা চাই সুশাসন, উন্ননয়ন ও বাকস্বাধীনতা। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ দেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। ২০১৯ সালের প্রথম দিনে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।