বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশেও আলোচনায় এসেছেন তিনি। নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তার প্রেমিকের নাম রনি দেব। মজার ব্যাপার হলো-এই প্রেমের সম্পর্কের ঘটকালি করেছেন পার্নোর ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী রাইমা সেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রনি দেব ভারতের রাজনৈতিক পরিবারের সন্তান। দীর্ঘদিনের বন্ধু রাইমা সেনের সূত্র ধরেই রনির সঙ্গে পরিচয় হয় পার্নো মিত্রর। রাইমার প্রাক্তন প্রেমিক বিক্রম পুরীর বন্ধু রনি। তবে রনি-পার্নো প্রথম দেখাতেই পরস্পরের প্রেমে পড়েন বিষয়টি তেমন না বরং তাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠেছে। অন্য পাঁচজন যুগলের মতো প্রথম প্রথম ফোন এবং মেসেজে কথা হয় দুজনের। কথা থেকে বন্ধুত্ব তারপর মনের লেনাদেনা।
এ প্রতিবেদনে আরো জানানো হয়েছে, এ সম্পর্ক গড়ে তুলতে রনিই নাকি আগে এগিয়ে আসেন। পার্নোকে তিনি গল্পের বই উপহার দিয়েছিলেন। গল্পের বই পড়তে ভালোবাসেন পার্নো। আর সেটা জেনেই নাকি এই পদক্ষেপ নিয়েছিলেন রনি। ইদানীং এই জুটিকে বিভিন্ন কফিশপেও দেখা যাচ্ছে।
অন্যদিকে টলিউড সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রনি-পার্নোর সম্পর্ক বিয়ের দিকেই এগোচ্ছে। তবে বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করতে চান না পার্নো। কারণ পরস্পরকে ঠিকমতো না বুঝেই বিয়ে করাতে বিশ্বাসী নন এই নায়িকা।
এর আগে গুঞ্জন চাউর হয়েছিল, পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে প্রেম করছেন পার্নো মিত্র। যদিও পার্নো-মৈনাক বরাবরই বলে এসেছেন, তারা শুধুই ভালো বন্ধু। কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহল বলছে, তাদের মধ্যে বন্ধুত্বর চেয়েও বেশিকিছু ছিল। তবে সে অধ্যায় অনেক আগেই চুকেছে।

