স্পোর্টস ডেস্ক : সিডনিতে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের জন্য স্পিন অলরাউন্ডার মার্নাস লাবুশেনকে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।
গত সপ্তাহে পার্থে দ্বিতীয় টেস্ট জয়ের পর মেলবোর্ন ও সিডনি টেস্টের জন্য ১৩ সদস্যের দল দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই দল থেকে কেউ বাদ পড়েননি। লাবুশেনকে অন্তর্ভুক্ত করায় দল হয়েছে এখন ১৪ জনের।
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লাবুশেনের। খেলেছিলেন সিরিজের দুই ম্যাচেই। সিরিজে ব্যাট হাতে ৮১ রানের পাশাপাশি লেগ স্পিনে নিয়েছিলেন ৭ উইকেট।
রোববার মেলবোর্নে তৃতীয় টেস্টে ভারতের কাছে ১৩৭ রানের হারে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে প্রথমবারের মতো ভারতের কাছে সিরিজ হার এড়াতে সিডনি টেস্টে অস্ত্রেলিয়াকে জিততেই হবে। যেটি শুরু হবে আগামী ৩ জানুয়ারি।
অস্ট্রেলিয়া দল : টিম পেইন (অধিনায়ক), জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, শন মার্স, পিটার সিডল, মিচেল স্টার্ক।

