নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি কেন্দ্রে ভোট দিতে এসে মারধরে আহত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা।
রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার মুহূর্তে তিনি মারধরের শিকার হন। ছাত্রদলের পক্ষ থেকে এই মারধরের জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।
আহত ওই ছাত্রদল নেতার নাম মিনহাজুল ইসলাম ভূঁইয়া। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাক্তন এই ছাত্র ঢাকা-৮ আসনভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। আহত মিনহাজুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ছাত্রদল কর্মী মেহেদী হাসান বলেন, আজ সকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে মিনহাজ ভাই ভোট দিতে যান। তার সঙ্গে আমিও গিয়েছিলাম। ভোট শুরু হচ্ছে, এমন সময় ছাত্রলীগের বিভিন্ন হলের একদল নেতাকর্মী মিনহাজ ভাইকে এসে জিজ্ঞেস করেন, আপনি কে? মিনহাজ ভাই তার সাংগঠনিক পরিচয় দিলে তাকে মেরে রক্তাক্ত করেন ছাত্রলীগের ওই নেতাকর্মীরা। তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক৷
অভিযোগ অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, মারধরের প্রশ্নই আসে না। আমরা যেটা শুনেছি, সেটা হচ্ছে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী ও মির্জা আব্বাসের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগের শিক্ষার্থীরা টিএসসিতে ও মধুর ক্যানটিনে অবস্থান করছিল। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে তখন ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন না।’

