স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ আগেই ভারতের উইকেটকিপার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ড গড়েছেন। ছুঁয়েছেন বিশ্ব রেকর্ডও। এবার আরেক রেকর্ডে নাম লেখালেন ঋষভ পন্ত।
ভারতীয় উইকেটকিপার হিসেবে কোনো টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ছুঁয়েছেন পন্ত। মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন শনিবার রবীন্দ্র জাদেজার বলে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনের ক্যাচ নিয়ে এই রেকর্ডে নাম লেখান তিনি। সিরিজে এটি ছিল তার ১৯তম ডিসমিসাল।
১৯৫৫ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাঁচ ম্যাচে ১৯ ডিসমিসাল করেছিলেন নরেন তামহানে। ১৯৭৯ সালে সৈয়দ কিরমানি পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ছয় টেস্টে করেন ১৯ ডিসমিসাল। এবার তাদের পাশে বসলেন পন্ত।
পন্তের ১৯ ডিসমিসাল অবশ্য তিন টেস্টেই। সিরিজের এখনো একটি টেস্ট বাকি। মেলবোর্ন টেস্টেও অস্ট্রেলিয়ার বাকি এখনো দুই উইকেট। তামহানে ও কিরমানিকে ছাড়িয়ে যাওয়া পন্তের জন্য তাই সময়ের ব্যাপার মাত্র।
কোনো টেস্ট সিরিজে উইকেটকিপারের সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্ব রেকর্ডের সুযোগও থাকছে পন্তের সামনে। ২০১৩ সালের অ্যাশেজে পাঁচ টেস্টে ২৯ ডিসমিসাল করে রেকর্ডটা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হাডিন। সাবেক অসি উইকেটকিপারকে ছুঁতে পন্তের দরকার আরো ১০ ডিসমিসাল।

