বিনোদন ডেস্ক : আগামী ২৮ ডিসেম্বর নগরীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেটেড সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’। ব্রায়ান মাইকেল বেন্ডিস ও সারা পিচেলির গল্প ‘মাইলস মোরালেস’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন- ফিল লর্ড ও রডনি রথম্যান। পরিচালনা করেছেন বব পার্সিচেটি, পিটার রামসে এবং রডনি রথম্যান।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন-শেমিক মুর, হেইলি স্টেইনফিল্ড, মাহেরশালা আলী, জেক জনসন, লিভ শেরেবের, ব্রায়ান টিরি হেনরি, লুনা লরেন ভেলেজ এবং লিলি টমলিন। কলাম্বিয়া পিকচার্সের প্রযোজনায় সিনেমাটির পরিবেশনায় রয়েছে সনি পিকচার্স।
গত ১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। দর্শক-সমালোচকদের মন জয় করে এটি। অ্যানিমেশনে অভিনবত্ব, ভয়েস-অ্যাকটিং, চরিত্র, গল্প এবং রসায়ন বিশেষ প্রশংসা অর্জন করে। ইতোমধ্যে ৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ সেরা অ্যানিমেটেড সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে। গত ১৪ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর দর্শকদের মনে দোলা দিয়েছে। ৯০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি ইতোমধ্যে বক্স অফিসে আয় করেছে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৪ সালে এ সিনেমার পরিকল্পনা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২০১৫ সালে। মুর এবং শেরেবারের সঙ্গে পার্সিচেটি, রামসে এবং রথম্যান পরবর্তী দুই বছরে যোগ দেন। লর্ড অ্যান্ড মিলার এই চলচ্চিত্রটির নিজস্ব স্টাইলটি চেয়েছিলেন, যা মাইলস মোরালেসের সহ-সৃষ্টিকর্তা সারা পিচেলির কাজ দ্বারা অনুপ্রাণিত। প্রথাগত হাত-আঁকা কমিক বই কৌশলগুলোর সঙ্গে চিত্রকর্মগুলোর অভ্যন্তরীণ কম্পিউটার অ্যানিমেশনকে মিশ্রিত করে। সিনেমাটির অ্যানিমেশনের জন্য ১৪০ জন অ্যানিমেটর কাজ করেছেন, যা এ যাবৎকালে সনি পিকচার্সের অ্যানিমেশন সিনেমায় ব্যবহৃত সবচাইতে বড় টিম।

