স্পোর্টস ডেস্ক : বক্সিং ডে টেস্টের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাজে অভিজ্ঞতার মুখোমুখি নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে লঙ্কান পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ের শিকার স্বাগতিকরা।
উপমহাদেশের দলগুলোর জন্য সবুজ ঘাসের বাউন্সি পিচ যেন মরণ ফাঁদ। কিন্তু ক্রাইস্টচার্চে সেই ফাঁদ পেতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেরাই ধরা খেয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে সুরাঙ্গা লাকমালের বিধ্বংসী বোলিংয়ে ১৭৮ রানেই অলআউট হয়েছে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৮৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
লঙ্কান পেস আক্রমণের বিপরীতে ৬৪ রান তুলতেই টপঅর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারায় নিউজিল্যান্ড। টপঅর্ডারদের মধ্যে সর্বোচ্চ ৪৬ রান করতে সক্ষম হয়েছে বিজে ওয়াটলিং। এর আগে জিৎ রাভাল ৬, টপ লাথাম ১০, অধিনায়ক কেন উইলিয়াসন ২, হেনরি নিকোলাস ১ ও রস টেলর ২৭ রান করে আউট হয়েছেন। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে কিউইদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন পেসার টিম সাউদি। ৬৫ বলে ৬চার ও ৩ ছক্কায় এ ইনিংস খেলেন তিনি।
বল হাতে ৫৪ রানের খরচায় ৫টি উইকেট পান সুরাঙ্গা লাকমাল। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি উইকেট নেন লাহিরু কুমারা।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে দানুশকা গুনাথিলাকা ৮, দিমুথ করুনারত্নে ৭, দিনেশ চান্দিমাল ৬ ও কুশাল মেন্ডিস ১৫ রান করে সাজঘরে ফিরেছেন। অ্যাঞ্জেলো ম্যাথুস ২৭ ও রোশেন সিলভা ১৫ রান অপরাজিত থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন। নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন টিম সাউদি। অপর উইকেটটি নেন কলিন ডি গ্র্যান্ডহোম।

